কল্যাণী: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ কর্মসূচির মাধ্যমে সূচনা হলো ‘স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ২০২৬’ এবং ‘নমো সেবা গাথা’। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নগরোন্নয়ন ও পুরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিচ্ছন্নতা, শহরের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে একগুচ্ছ কঠোর ও নির্দেশনামূলক বার্তা দেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জগন্নাথ সরকার, বিধায়ক অনুপম বিশ্বাস, সমাজসেবী বিধান কর সহ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ。
পরিচ্ছন্নতা হোক দৈনন্দিন অভ্যাস:
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে স্বচ্ছতা অভিযানের শুভ সূচনা করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জোর দিয়ে বলেন, পরিচ্ছন্নতা কেবল একদিনের আনুষ্ঠানিকতা বা ছবি তোলার বিষয় নয়; একে দৈনন্দিন জীবনের অভ্যাস ও মানসিকতায় পরিণত করতে হবে。 সমাজ, পরিবেশ ও নিজের বাসস্থান সবক্ষেত্রেই স্বচ্ছতা বজায় রাখা জরুরি। তিনি জানান, ২০২৭ সালের মধ্যে সমস্ত বর্জ্য ও ময়লা পরিষ্কার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কল্যাণীর পুরোনো ঐতিহ্য ও মর্যাদা (গ্লোরি) ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে স্বচ্ছতা অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন এবং ফুটপাত ব্যবহার করে হাঁটার আহ্বান জানান। এছাড়া কল্যাণীর একটি প্রধান রাস্তার নাম ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার আবেদন জানান তিনি।
মহালয়ার আগেই রাস্তা সংস্কারের নির্দেশ:

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী আগামী ১০ অক্টোবর মহালয়ার আগেই রাজ্যের সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা চলাচলের উপযুক্ত করে তুলতে হবে। নগরোন্নয়ন দপ্তরের আওতাধীন প্রায় ৩,৮০০-রও বেশি রাস্তা সংস্কারের কাজ জোরকদমে চলছে。 এই কাজের সুবিধার্থে পুরসভাগুলিকে ইতোমধ্যে প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বেআইনি নির্মাণ ও গাফিলতিতে কড়া হুঁশিয়ারি:
শহরাঞ্চলে নিয়ম বহির্ভূত নির্মাণ রোধে কড়া বার্তা দেন নগরোন্নয়ন মন্ত্রী। নির্দিষ্ট নিয়ম ও প্ল্যান না মেনে বেআইনি বা বিপজ্জনক নির্মাণ করা হলে সংশ্লিষ্ট প্রোমোটার বা বাড়িওয়ালাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। সেই সাথে দপ্তরের আধিকারিকদের গাফিলতি বা দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন তিনি।
কল্যাণীর সার্বিক উন্নয়নে বিশেষ পদক্ষেপ:
শহরের সার্বিক পরিবেশ ও নাগরিক সুবিধা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান মন্ত্রী:
* কল্যাণী শহরে অবৈধ পার্কিং সম্পূর্ণ বন্ধ করা হবে।
* বাজারগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সুন্দর করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
* একটি কোল্ড স্টোরেজ খোলা হবে এবং স্থানীয় পুকুরগুলি সংস্কার করা হবে।
* শূন্য পদে দ্রুত ‘স্টেট ম্যানেজার’ নিয়োগের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধির ওপর জোর দেওয়া হবে।
রাস্তায় ময়লা না ফেলে এবং পুরসভার নিয়মকানুন মেনে চলে কল্যাণীবাসীকে আবার রাষ্ট্রপতি পুরস্কারের মতো জাতীয় সম্মান এনে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী
